দেশের ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, নীলফামারীতে মো. আব্দুল হালিম, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নড়াইলে পলক কুমার মন্ডল এবং মেহেরপুরে তুষার আহমেদকে স্থানীয় সরকারের উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেন, খুলনায় মো. নবীরুল ইসলাম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী, ময়মনসিংহে এ. এস. এম. মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম এবং পাবনায় মো. পুবন আখতারকে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন তারা।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
