কুমিল্লায় ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত কিশোরীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।
তবে চালক গ্রেপ্তার ও মোবাইল ফোন উদ্ধারের পরও হত্যাকাণ্ডের আগে তাজমীনের চলাফেরা, দীর্ঘ পথ ঘুরিয়ে নেওয়ার সময় তার পরিস্থিতি এবং অন্য কারও সংশ্লিষ্টতা নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাজমীনকে অটোরিকশায় তোলেন সুমন।
কিন্তু সরাসরি বাড়ির পথে না গিয়ে তাকে অন্তত ৩০ কিলোমিটার ঘুরিয়ে লালমাই উপজেলার একটি নির্জন ধানক্ষেতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ধর্ষণের অভিযোগ এবং হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা ফরেনসিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, গ্রেপ্তার সুমনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আট কিলোমিটারের পথ, ঘুরেছেন ৩০ কিলোমিটার
পুলিশের তদন্ত অনুযায়ী, গত বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরে তাজমীন। রাত পৌনে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামে সে। পরে একটি দোকানে মোবাইল ফোন চার্জ দেয়। রাত সোয়া ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাড়ি ফেরার জন্য অটোরিকশা খুঁজছিল তাজমীন।
রাত সাড়ে ১২টার দিকে সুমনের অটোরিকশায় ওঠে সে। দর-কষাকষির পর ৩০০ টাকায় বাড়ি পৌঁছে দিতে রাজি হন চালক। কিন্তু গন্তব্যের দিকে না গিয়ে তিনি অন্য সড়ক ধরে নির্জন এলাকার দিকে যান বলে জানিয়েছে পুলিশ।
পদুয়ার বাজার থেকে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার দূরত্ব প্রায় আট কিলোমিটার। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুমন প্রথমে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ধরে বিজরা বাজারের দিকে যান। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে লালমাইয়ের ভোরাজগৎপুরের একটি ফসলের মাঠের কাছে পৌঁছান। এ পথে মোট দূরত্ব অন্তত ৩০ কিলোমিটার।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, পদুয়ার বাজার থেকে তাজমীনের বাসায় যেতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগার কথা। অথচ তাঁকে দেড় থেকে দুই ঘণ্টা ঘুরিয়ে ঘটনাস্থলে নেওয়া হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সুমন দাবি করেছেন, অটোরিকশা চলার সময় তাজমীন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবে দীর্ঘ পথ ঘুরিয়ে নেওয়ার সময় কী ঘটেছিল, কিশোরী কোনো পর্যায়ে বিপদ বুঝতে পেরেছিল কি না কিংবা সাহায্য চাওয়ার সুযোগ হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
রাত ২টা ৫৮ মিনিটে বাবাকে লাইভ লোকেশন
তদন্তে উঠে এসেছে, রাত ২টা ৫৮ মিনিটে তাজমীন তার বাবাকে একটি লাইভ লোকেশন পাঠিয়েছিল। তবে ঘুমিয়ে থাকায় তখন সেটি দেখতে পাননি তার বাবা। ভোরের দিকে লোকেশনটি দেখে মেয়েকে খুঁজতে বের হন তিনি। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করছিল। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন বাবা।
তাজমীন ঠিক কী পরিস্থিতিতে লাইভ লোকেশন পাঠিয়েছিল, সে সময় সে বিপদের আশঙ্কা করছিল কি না কিংবা লোকেশন পাঠানোর পর কী ঘটেছিল-সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে ওই সময় পর্যন্ত তার কাছে মোবাইল ফোনটি ছিল বলে পুলিশের দেওয়া সময়রেখা থেকে ধারণা পাওয়া যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, তাজমীন যদি ঘটনাস্থলে বা এর আগে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করত, তাহলে হয়তো এমন মৃত্যু দেখতে হতো না।
যেভাবে ঘটেছে বলে দাবি পুলিশের
পুলিশের দাবি, নির্জন জায়গায় পৌঁছানোর পর তাজমীন পালানোর চেষ্টা করলে সুমন তাকে আটকাতে ধস্তাধস্তি করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে ধর্ষণ করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এরপর ধানখেতে নিয়ে কিশোরীকে উপুড় করে মাথায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের ভাষ্য।
গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়ার একটি ধানক্ষেত থেকে তাজমীনের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় গামছা ছিল। কাছাকাছি একটি সিএনজিচালিত অটোরিকশা, গাড়ির ভেতরে কাপড়চোপড় এবং পাশে একটি হাতব্যাগ পাওয়া যায়।
ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুমন তা স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। তবে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। ধর্ষণ হত্যার আগে, নাকি পরে ঘটেছে, সে বিষয়েও পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
সিসিটিভি ফুটেজে অটোরিকশায় তাজমীন
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজে তাজমীনকে অটোরিকশায় বসে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজে তাকে পেছনের বাঁ পাশে বসে থাকতে দেখা যায়। অটোরিকশায় অন্য কেউ ছিলেন কি না, তা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন তুললে পুলিশ জানায়, এখন পর্যন্ত সুমন ছাড়া অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
তবে দীর্ঘ পথ ঘুরিয়ে নেওয়ার সময় অটোরিকশায় অন্য কেউ উঠেছিলেন কি না, কোনো পর্যায়ে চালককে কেউ সহায়তা করেছিলেন কি না এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে।
