এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল শনিবার এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল প্রসঙ্গে বিস্তারিত তথ্য ২৬ তারিখে জানানো হবে। খবর বিডিনিউজের।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবারের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।
