Published on
:
1 min read
এই সময়, রহড়া: নবমীর রাতে পুজোর প্রসাদ বিলি নিয়ে বচসার জেরে রক্ত ঝরল খড়দহের রহড়া রুইয়ায়। বন্দুকের বাট ও চপার দিয়ে বেপরোয়া হামলায় জখম হলেন অন্তত তিনজন। দোকানে তাণ্ডব চালিয়ে নগদ প্রায় ৭০ হাজার টাকা লুটের অভিযোগও তোলা হয়েছে। বুধবার এই হামলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে রহড়া থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার পাতুলিয়া পঞ্চায়েত এলাকার রুইয়া মিলন সঙ্ঘের মন্দির চত্বরে। স্থানীয়দের একাংশের দাবি, বেশি চাঁদা দেওয়া সত্ত্বেও কেন অন্যরা আগে প্রসাদ পাচ্ছেন, তা নিয়ে মত্ত অবস্থায় আপত্তি তোলেন সুকুমার দাস নামে এক ব্যক্তি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসরে নামেন ক্লাবের সম্পাদক বাপি। তিনি দু’পক্ষকে বুঝিয়ে বিবাদ থামিয়ে দেন। শান্ত পরিবেশেই যে যার বাড়ি ফেরেন।
কিন্তু ঘটনা নাটকীয় মোড় নেয় রাত বারোটার পর। অভিযোগ, সুকুমারের হয়ে দীপ নামে এক যুবকের নেতৃত্বে একদল সশস্ত্র দুষ্কৃতী এলাকায় চড়াও হয়। বন্দুক ও ধারালো অস্ত্র উঁচিয়ে একের পর এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। মাথায় আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আঘাত করা হয়, মুখে কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে। ভাঙচুর চলে লাগোয়া দোকানেও, সাফ করে দেওয়া হয় ক্যাশবাক্স। আক্রান্তদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা চক্রান্তে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
