তুরাগ ও বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে তুরাগ নদীর তীরবর্তী কেরাণীগঞ্জ এলাকায় রোস্টার ভিত্তিক মনিটরিং কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এ কার্যক্রমে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম, বাংলাদেশে নৌ বাহিনীর প্রতিনিধি, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের প্রতিনিধি এবং ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধি।
গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এর নেতৃত্বে ঢাকার চারপাশের নদীসমূহের পরিবেশ সুরক্ষায় একটি কেন্দ্রীয় সেল গঠন করা হয়। কেন্দ্রীয় সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি সাব-কমিটি গঠন করা হয়। এই সাব-কমিটির কার্যপরিধি অনুসারে তুরাগ ও বুড়িগঙ্গা নদী দূষণ নিয়ন্ত্রণে তুরাগ নদীর তীরবর্তী কেরাণীগঞ্জ এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
উক্ত মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রমে ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় ৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। সরেজমিন পরিদর্শনে শিল্প প্রতিষ্ঠানসমূহের তরল বর্জ্য পরিশোধন প্লান্টসহ (ETP) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং পরবর্তী বিশ্লেষণের জন্য ০২টি শিল্প প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে নোটিশ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং/এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।
আজকালের খবর/বিএস
