আইনি জটিলতা সমাধানের আগে ১৭ অক্টোবর অনুষ্ঠেয় বয়লার পরিচারক পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইকবাল শামীম, আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাইসেন্সের শ্রেণিবিন্যাস করে তিন শ্রেণিতে বিভক্ত করা হয়।
আইনের ১২ ধারা চ্যালেঞ্জ করে রিট করলে রুল জারি করে স্থিতাদেশ দেন হাইকোর্ট। বয়লার কর্তৃপক্ষ ওই রিট নিষ্পত্তি না করে বয়লার নীতিমালা, ২০২৫–এর গেজেট প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সনদ ও লাইসেন্স-সংক্রান্ত বিরোধের রিট নিষ্পত্তি না করে তৃতীয় শ্রেণির লাইসেন্স দেওয়ার জন্য ১৭ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে রিট আবেদনকারী মো. সহিদুল ইসলাম পরীক্ষা স্থগিত রাখতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
