বলিউডের ঝলমলে দুনিয়া থেকে দূরে পাহাড়, জঙ্গল আর ঝরনার মাঝে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন অভিনেতা ইমরান খান। মহারাষ্ট্রের কারজাত এলাকায় অবস্থিত এই বাড়ির বিশেষত্ব জানলে অবাক হবেন আপনিও। বিলাসবহুল প্রাসাদের বদলে প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক ছিমছাম বাড়িকেই নিজের পছন্দের ঠিকানা করে তুলেছেন অভিনেতা।
২০২৪ সালের জুনে ইনস্টাগ্রামে বাড়িটির ছবি প্রকাশ করেছিলেন ইমরান। সেখানে তিনি জানান, কয়েক বছর ধরে এই বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, স্থাপত্যবিদ্যায় প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও বাড়ির নকশা নিজেই তৈরি করেছেন তিনি।
এ জন্য নিজে শিখেছেন ত্রিমাত্রিক নকশা তৈরির সফটওয়্যার। নির্মাণকাজ শুরুর আগে প্রায় এক বছর ধরে জায়গাটির প্রকৃতি পর্যবেক্ষণ করেন। সূর্যের আলো কখন কোথায় পড়ে, বর্ষায় জলধারার গতিপথ কেমন থাকে, ঋতু বদলের সঙ্গে প্রকৃতির রূপ কীভাবে পাল্টায়—সবকিছুই ছিল তাঁর পরিকল্পনায়।
বাড়িটি তৈরি হয়েছে পাথরের উঁচু ভিত, ইটের দেওয়াল, ইস্পাতের বিম এবং বিশেষ ছাদ ব্যবহারের মাধ্যমে। বড় জানালা ও কাচের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে প্রাকৃতিক আলো। অন্দরসজ্জাতেও রয়েছে সরলতার ছাপ।
ইমরানের দাবি, নিজের পরিকল্পনায় বাড়িটি তৈরি করতে কারজাত এলাকার তৈরি ভিলা কেনার তুলনায় কম খরচ হয়েছে। অর্থাৎ, নান্দনিকতার পাশাপাশি খরচের দিকেও নজর রেখেছেন অভিনেতা।
সব মিলিয়ে, ইমরানের এই স্বপ্নের বাড়ি শুধু একটি আবাস নয়, বরং প্রকৃতির কাছাকাছি থাকার এক বিশেষ উদ্যোগ।
