যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে শিশুদের ফুটবল খেলা চলাকালে মাঠে ট্রাক ঢুকে পড়ার ঘটনায় ৬ বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর ট্রাকের ৩৪ বছর বয়সী নারী চালককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) উইচিটা শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, নিহত অন্য ব্যক্তির বয়স ৩৫ বছর। আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে। ঘটনার সময় ট্রাকটিতে আরও দুটি শিশু ছিল।
ট্রাকটি কীভাবে ফুটবল মাঠে উঠে গেল এবং এর পেছনে কী কারণ ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
মোজেস বলেন, ‘কীভাবে এবং কেন এমন ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করছি আমরা।’
উইচিটার পুলিশপ্রধান জো সুলিভান জানান, দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত লোকজন আহতদের জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
তিনি বলেন, ‘এটি সত্যিই বিস্ময়কর ছিল। তবে আমার মনে হয়, এই ঘটনা উইচিটা সম্প্রদায়ের মানুষের মানসিকতারই পরিচয় দেয়।’
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের জন্য নতুন করে কোনো হুমকি নেই।
উইচিটার মেয়র লিলি উ তদন্ত চলাকালে লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য, বিশেষ করে জড়িত শিশু ও তাদের পরিবারের জন্য আমার চিন্তা ও প্রার্থনা রইল।’
