আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
দালের মেহেন্দি
নবরাত্রি উপলক্ষে গান গাইতে গিয়ে বিতর্কে জড়ালেন পাঞ্জাবি সংগীত শিল্পী দালের মেহেন্দি। অভিযোগ মদ্যপান করে মঞ্চে উঠে গান গাইছিলেন তিনি। উত্তরাখণ্ডের তেহরি জেলার নরেন্দ্র নগরে আয়োজিত জনপ্রিয় কুঞ্জপুরী মেলায় গান গাইতে গিয়েছিলেন পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দি। তবে বিপত্তি বাঁধে যখন ক্যাবিনেট মন্ত্রী তথা নরেন্দ্র নগরের বিধায়ক সুবোধ উনিয়াল মঞ্চে উঠে পড়েন।
অভিযোগ, এদিন মদ্যপ অবস্থায় গান গাইছিলেন গায়ক। তখনই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তাঁকে সরাসরি অনুষ্ঠান থামাতে বলেন তিনি। যেখানে মা দুর্গার আরাধনার মতো পবিত্র অনুষ্ঠান হচ্ছে সেখানে মদ্যপান করে গান গাইতে আসা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক হইচই শুরু হয়েছে।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার: আফটার ডার্ক’ নিয়ে বড় ঘোষণা
বড়পর্দায় আরও একবার নতুন রূপে ফিরছে কারণ জোহরের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার'। ছবি মুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে ঘোষণা করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন ওয়েব সিরিজ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার: আফটার ডার্ক’।
আসন্ন এই ওয়েব সিরিজে রক্তাক্ত অবস্থায় ধরা দিয়েছেন অভিনেত্রী শানায়া কাপুর। যা ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক কৌতূহল তৈরী করেছে। এই ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলিতে কলেজ, প্রেম থাকলেও এবারের গল্পে থাকবে রহস্য, হিংসা এবং প্রতিযোগিতার অন্ধকার দিক। জানা যাচ্ছে, আসন্ন এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকছেন রীমা মায়া। আগামী ১৩ নভেম্বর থেকে এই সিরিজটি জিও হটস্টারে স্ট্রিমিং হতে চলেছে।
মুম্বাইয়ের অপরাধ জগতের সাথে বলিউডের সম্পর্ক
বলিউডের পর্দায় মুম্বাইয়ের অপরাধ জগতের ঘটনা নিয়ে সিনেমা তৈরী নতুন বিষয় নয়। একসময় এই মায়া নগরীর আনাচে কানাচে ছিল গ্যাংস্টারদের দৌরাত্ম। দাউদ ইব্রাহিমের উত্থানের আগেও করিম লালা, হাজি মাস্তান এবং বরদারাজন মুদালিয়ারের মতো অপরাধীরাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
একসময় বলিউডের সিনেমা জগতের সাথে মুম্বইয়ের অপরাধ জগতের ব্যাপক যোগসূত্র ছিল। বিখ্যাত প্রযোজক মুশির আলমকে অপহরণ করার ঘটনাও এক্ষেত্রে অত্যন্ত স্মরণীয় একটি ঘটনা। সেসময় তার কাছে মুক্তিপণের দাবিও করা হয়েছিল।
প্রসঙ্গত ১৯৮২ সালে বলিউডের প্রযোজক মুশির আলমকে অপহরণ করে আলোচনায় আসে পাঠান গ্যাং। এই ঘটনা বলিউড ও মুম্বইয়ের অপরাধ জগতের যোগাযোগের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে পরিচিত। পরবর্তী সময়ে দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি ও বিভিন্ন গ্যাংয়ের দাপটে চলচ্চিত্র জগতে ভয় ও তোলাবাজির পরিবেশ তৈরি হয়েছিল।
