ইরানের ওপর আজ (রোববার) ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ওয়াশিংটন ‘আগামীকালই’ ইরানের ওপর হামলা চালাতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ চুক্তিতে পৌঁছাতে পারে।”
তিনি আরও বলেন, ‘সত্যিই কি মনে করেন আমি হামলা চালাব কি না তা আপনাদের বলে দেব?’
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে ইরান এখনো সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু সমস্যা হলো—তারা কি সেই চুক্তি মেনে চলবে?’
ট্রাম্পের ভাষ্যমতে, তার মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। তিনি বলেন, ‘আমাকে এটি স্থায়ী করতে হবে। আর ঠিক এই কারণেই আমি এসব করছি।’
প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন যুদ্ধের আগের তুলনায় বেড়েছে; তবে তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান দেননি।
পরবর্তী পদক্ষেপ কী হবে—সে বিষয়ে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। বরং সামরিক পদক্ষেপ এবং আলোচনা—উভয়কেই সম্ভাব্য ফলাফল হিসেবে তুলে ধরেছেন।
ট্রাম্প বলেন, ‘হয়তো আমাকে বিষয়টি চূড়ান্তভাবে শেষ করতে হবে, অথবা তারা হয়তো কোনো চুক্তিতে আসবে। তবে আমি নিশ্চিত নই। যেভাবেই হোক, জয় আমাদেরই হবে।’
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ এখনো অমীমাংসিত রয়ে গেছে। যদিও যুদ্ধবিরতি হয়েছে এবং একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে সমঝোতাও হয়েছে। তবে এখনও পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতেই ফের হামলার হুশিয়ারি দিলেন এ মার্কিন প্রেসিডেন্ট।
