বিনোদন ডেস্ক
চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন করে ছড়ানো গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূজা জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর খবর প্রকাশ না করার অনুরোধ করেছেন তিনি।
সম্প্রতি দেশের এক ব্যবসায়ীর সঙ্গে পূজার বিয়ে হতে যাচ্ছে—এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও দাবি করা হয়, এরই মধ্যে তার বিয়ে সম্পন্ন হয়েছে। এসব খবর নিয়ে এতদিন প্রকাশ্যে মন্তব্য না করলেও সোমবার রাতে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে পূজা বলেন, গত কয়েকদিন ধরে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন খবর প্রকাশিত হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পূজা জানান, আগেই একটি সাক্ষাৎকারে তিনি তার বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন এবং পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।
অভিনেত্রীর ভাষ্য, বিয়ে যখন হবে, তখন তিনি নিজেই তা প্রকাশ্যে সবাইকে জানাবেন। বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই সাম্প্রতিক সময়ে তাকে ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে বলে জানান তিনি।
বারবার বিয়ের গুঞ্জন ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে পূজা বলেন, তথ্য যাচাই না করে তার সম্পর্কে অসত্য সংবাদ প্রকাশের উদ্দেশ্য তার কাছে পরিষ্কার নয়। তিনি আবারও নিশ্চিত করেন, তার এখনো বিয়ে হয়নি এবং বিয়ে হলে গণমাধ্যম ও ভক্তদের তা জানানো হবে।
নিজের পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনগত অধিকার নিয়েও সতর্ক করেন পূজা। বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে তিনি দাবি করেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ কিংবা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগিতাকে তিনি সবসময় সম্মান করেন। তবে তার নীরবতাকে ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করা হলে নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী ২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পান। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’ ও ‘দম’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
