প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নার্সকে ধর্ষণ-খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ২ ব্লকের এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের নবজাত ও প্রসূতি কক্ষে জোর করে প্রবেশের চেষ্টা করেন শেখ রহিমুদ্দিন। কর্তব্যরত নার্স তাতে বাধা দিলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ-খুনের হুমকি দেন। ঘটনায় ইতিমধ্যে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার সন্ধ্যায়। সে দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রহিমুদ্দিন স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি কক্ষে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃণালকান্তি রজক পুলিশকে জানান, অভিযুক্ত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। প্রসূতি কক্ষে ভর্তি থাকা মহিলাদের নিরাপত্তার কথা বিবেচনা করে রহিমুদ্দিনকে সেখানে প্রবেশে বাধা দেন কর্তব্যরত নার্স। অভিযোগ, তখন নার্সকে ধর্ষণ-খুনের হুমকি দেন রহিমুদ্দিন। তাঁকে রাস্তায় দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন। পরের দিন, গত বুধবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে এ বিষয়ে অভিযোগ জানান ওই নার্স।
ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার পুরুলিয়া মফ্ফসল থানায় লিখিত অভিযোগ জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক। পুলিশকে তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই নার্স। নিরাপত্তাহীনতাতেও ভুগছেন তিনি। এ অবস্থায় ওই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের জন্য পুলিশকে অনুরোধ করেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের। ওই অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রহিমুদ্দিমকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে পুরুলিয়া আদালতে হাজির করানো হবে।
