প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কর্মকাণ্ড রোধে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত আমি সবকিছুর তদারকি করব। প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ জনকে ইতোমধ্যে স্পেশাল ফোর্স বা এসআরপির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত অভ্যন্তরীণ বা বাহ্যিক সবাইকে আইনের আওতায় এনে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসব কথা বলেন।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের পরীক্ষা স্থগিত হওয়ার প্রেক্ষাপটে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সচিবালয়ে রাত জেগে পুরো প্রক্রিয়াটি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজকে প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার পর আগামীকালের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টিসহ অন্যান্য শূন্যপদে প্রথম এই নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।
