যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডেEi Samay
Published on
:
1 min read
এই সময়, হাওড়া: জেন জ়ি’দের বিক্ষোভ আন্দোলনের জেরে রীতিমতো বেকায়দায় কেন্দ্রীয় সরকার। দিল্লি ছাড়িয়ে সেই বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য অংশে। এই আবহে যুব সমাজের মন বুঝতে উদ্যোগী হলো পূর্ব রেল। রেলের পরিষেবা নিয়ে তরুণ প্রজন্ম কতটা সন্তুষ্ট, তার আন্দাজ পেতে হাওড়া স্টেশনে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন হাওড়ার ডিআরএম বিশাল কাপুর-সহ রেলের পদস্থ কর্তারা।
বৃহস্পতিবার দুপুরে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন বহু যাত্রী। সেই ভিড়ের মধ্যে বেছে বেছে বেশ কয়েক জন তরুণ প্রজন্মের ছেলে–মেয়ের সঙ্গে আলাদা করে কথা বলেন গীতিকা। তারপরে তিনি নিজেই উঠে পড়েন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শহীদ এক্সপ্রেসের কামরায়। এসি ও জেনারেল কামরার যাত্রীদের কাছ থেকে জানার চেষ্টা করেন, ট্রেন যাত্রার সময় তাঁরা কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। রেলের পরিষেবায় কোথায় কোথায় ঘাটতি রয়েছে এবং কী ভাবে সেটাকে আরও উন্নত করা যায়। শুধু কান দিয়ে শোনাই নয়, তাঁদের প্রতিটি বক্তব্য নথিভুক্ত করেন রেলের আধিকারিকরা।
পরে গীতিকা জানান, যাত্রীদের প্রকৃত সমস্যা বুঝতে তাঁদের কাছ থেকেই সরাসরি অভিযোগ শোনা হচ্ছে। এর ফলে যাত্রীদের চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেই জন্য যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
রেল সূত্রের খবর, অধিকাংশ যাত্রী ট্রেনের খাবারের মান ও অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে জেনারেল ম্যানেজারের কাছে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ কেউ আবার স্টেশনে ট্রেনের আগমন-প্রস্থানের ঘোষণার সঙ্গে রবীন্দ্রসংগীত চালানোর প্রস্তাব দিয়েছেন। সেই বিষয়টি রেল গুরুত্ব দিয়েই বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছেন গীতিকা।
