ছবি: সংগৃহীত
-->আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের ভালো সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। আবুধাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) শেষ হওয়া ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারাকেই ড্রয়ের অন্যতম কারণ মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ফিল্ডিংয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার মূল্য দিতে হয়েছে দলকে।
ম্যাচের শেষ দিনে সেদিকুল্লাহ অটলের দীর্ঘ ইনিংস শেষ করার পর জয়ের ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডিংয়ে একের পর এক সুযোগ হাতছাড়া করায় লড়াইয়ে টিকে থাকে আফগানিস্তান। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৪৬ রান করে তারা। ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ ড্র করে সফরকারীরা।
৩৩২ বল খেলে ১১১ রান করা অটল নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। শেষ দিনের শেষ সেশনের ১১ ওভার গড়ানোর পর তাইজুল ইসলামের বলে তানজিদ হাসানে ক্যাচ দেয় তিনি। আফগানিস্তানের স্কোর ৭ উইকেটে ২৮১ রান হয়ে যাওয়ার পরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল। তখন ম্যাচের প্রায় ২৩ ওভার বাকি। তবে গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডিংয়ে ব্যর্থ হয় বাংলাদেশ।
আরও পড়ুন
ইয়ামিন আহমেদজাইয়ের ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে গড়িয়ে গেলেও বেল না পড়ায় বেঁচে যান তিনি। পরের ওভারে টানা দুই বলে রানআউটের দুটি সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অপরাজিত ৪৯ রান করা কায়েস আহমেদও সিলি পয়েন্টে ক্যাচ দিয়ে বেঁচে যান। পরে মেহেদি হাসান মিরাজের বলে ডিপ মিডউইকেটে তানজিদের হাতে আবারও জীবন পান তিনি।
শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা কয়েকটি সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষ দারুণ ক্রিকেট খেলেছে। তাই তাদেরও কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে সেদিকুল্লাহ অটল যেভাবে ব্যাটিং করেছে, তার জন্য।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই কিছুটা হতাশাজনক। তবে আমি বলব না যে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। পাঁচ দিনই আমরা ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে আজকের এই কন্ডিশন ও উইকেটে বোলাররা যেভাবে পরিশ্রম করেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’
শান্ত বলেন, ‘আমাদের সুযোগ ছিল, কিন্তু সেগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। অবশ্যই আমরা ভুল করেছি, আর সেটা আমাদের মেনে নিতে হবে। কারণ, এমন কন্ডিশনে খুব কমই সুযোগ পাওয়া যায়। তাই যে ছোট ছোট সুযোগগুলো আসে, সেগুলো কাজে লাগাতেই হবে।’
অনিক/
