নিজস্ব প্রতিবেদক · ১৫ অক্টোবর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসক সংকট, অ্যাম্বুলেন্স না থাকাসহ নানা সীমাবদ্ধতার মধ্যে সেবা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এসব সংকটের কথা তুলে ধরে হাসপাতালের সেবার মান উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের মিলনায়তনে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক বলেন, ১০০ শয্যার হাসপাতালের জনবল দিয়ে বর্তমানে ২৫০ শয্যার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এর বিপরীতে রোগীর সংখ্যা প্রায় ৯০০ হওয়ায় চিকিৎসাসেবা দিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এরপরও হাওর-বাওরবেষ্টিত এই জেলার প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন।
হাসপাতালের বিদ্যমান সংকট নিরসনে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি। জেলার সংসদ সদস্যদের সহযোগিতা পাওয়া যাচ্ছে উল্লেখ করে ডা. আশরাফুল ইসলাম সোহাগ আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগে হাসপাতালের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে। এতে চিকিৎসাসেবার মানও আরও উন্নত হবে।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের দায়িত্ব পালনে অসহযোগিতার কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। এসব বিষয়ে তত্ত্বাবধায়কের নজরদারি বাড়ানো এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তাঁরা।
সভায় হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, ডা. বিষ্ণু প্রসাদ চন্দ ও ডা. জহর লাল দাস শিপলু বক্তব্য দেন। হাসপাতালের বর্তমান জনবল ও সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন মেডিকেল অফিসার নিশাত তাসনীম।
গুগলে আমাদের খবর পেতে
