দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ফেনীর ছাগলনাইয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম (পিএসসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া উপজেলার শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পূজা উদ্যাপনের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মণ্ডপের নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক জানান, দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার মোট ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
