নৈহাটির বড়মা ছবি সৌজন্যে: ফেসবুক
Published on
:
2 min read
কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মহাসমারোহে সম্পন্ন হলো নৈহাটির বড়মার ১০৩তম বর্ষের কাঠামো পুজো। এই অনুষ্ঠানের মধ্যেই দিয়েই সূচনা হলো চলতি বছরের শ্যামাপুজোর। রবিবার রীতি মেনে নৈহাটির অরবিন্দ রোডে নির্দিষ্ট স্থানে পুজোর পরে প্রতিমা তৈরির মূল কাঠামো স্থাপন করা হয়। সেই কাঠামোতে তৈরি হবে বড়মার সুবিশাল মূর্তি। কাঠামো পুজোকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত।
Ei Samay
এ দিনের অনুষ্ঠানে বড়মার মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ এবং মন্দির কমিটির সদস্যরা। মন্দিরে এসে ভিআইপি সংস্কৃতি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। অর্জুন সিং সাফ জানিয়েছেন, বড়মার কাছে সবাই সমান। কোনও ভিআইপি কালচারের স্থান নেই। সকলে যাতে মায়ের পুজো দিতে পারেন, সেই ব্যবস্থার উপরই জোর দেওয়া হচ্ছে।
Ei Samay
নৈহাটির বড়মার পুজোকে ঘিরে ভক্তদের আকর্ষণ দিন দিন বাড়ছে। সে কথা মাথায় রেখে মন্দির চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ভক্তদের দণ্ডী কাটা থেকে শুরু করে নৈহাটির গঙ্গার ঘাটে স্নান করা-সহ সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মন্দির কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে এ বার বাড়তি নজরদারি রাখা হবে। এ ছাড়াও, দর্শনার্থীদের সুবিধার্থে ওই এলাকার নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে।
