ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিক্রির অভিযোগে এক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে জহিরুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের অভিযোগ, সীমন্তবর্তী খাটিংগা এলাকায় মাদক কারবারীদের দৌরাত্ম্যের ফলে তরুণ সমাজ হুমকির মুখে রয়েছে। সম্প্রতি গ্রামবাসী মাদকের দৌরাত্ম্য ঠেকাতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মাদককারবারি জহিরুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
বিজয়নগর থানার আউলিয়া বাজার ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন জানান, জহিরুল ইসলামের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা ও দুটি মারামারির মামলা রয়েছে। দুপুরে স্থানীয় গ্রামবাসী মাদক বিক্রির অভিযোগে জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
