‘দেখে নেব, ফেলে দেব’, এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ি থেকে হাটপাড়া সড়কের কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলার চারটি ইউনিয়নে আরও পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন মন্ত্রী।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। কেউ বলছে, ‘দেখে নেব, ফেলে দেব।’ কিন্তু জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে কাজ করার। আমরা দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, দেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি, এখনও পায় না। কারণ, আমাদের শেষ ঠিকানা এ দেশের জনগণ।
বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন, তাদের বলব, জনগণের কাছে যান, ধৈর্য ধরুন। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না।
সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা এলজিআরডি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
