জাতিসংঘ দিবস আজ শান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক সহযোগিতার ৮১ বছর
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম
ছবি: সংগৃহীত
-->আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে গঠিত সংস্থাটি ৮১ বছরে পদার্পণ করেছে। বর্তমানে ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে কাজ করছে বৈশ্বিক এ প্রতিষ্ঠান।
জাতিসংঘের মূল লক্ষ্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, মানবাধিকার রক্ষা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত, মানবিক সংকট, বাস্তুচ্যুতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যকারিতা নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন রয়েছে।
স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে দেশটি।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষ অবদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, অভিবাসীদের অধিকার, রোহিঙ্গা সংকটের সমাধান এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। বিশেষ করে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চেয়ে আসছে বাংলাদেশ।
জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জাতিসংঘ সনদের মূলনীতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ তৈরি করে।
বিশ্বজুড়ে সংঘাত ও সংকটের এই সময়ে জাতিসংঘের কার্যকারিতা বাড়াতে সদস্যরাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
সৌদিতে হুতি হামলার নিন্দা বাংলাদেশের
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি: খবরের কাগজ
-->সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়, দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
রাজধানীর গেন্ডারিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৮
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) গেন্ডারিয়া থানা পুলিশ দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তাররা হলো- শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০), মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯), মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯), সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫), মো. সেন্টু মিয়া (৫০) ও আইনের সংঘাতে জড়িত শিশু একজন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিফাত/
আরও পড়ুন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
-->ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে হাসপাতালে দেখতে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
রিফাত/
আরও পড়ুন
কক্সবাজারে হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: সংগৃহীত
-->কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলটিতে অবস্থান করছিলেন তিন শতাধিক পর্যটক। আগুন লাগার পরপরই দ্রুত হোটেল থেকে বেরিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ারসার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে কেউ হতাহত হননি।
দ্য সি প্রিসেন্স-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, পর্যটকেরা নিরাপদে আছেন।
এসএন/
