Published on
:
2 min read
দশেরার মঞ্চে মুখ ফসকে এমন কথা বলে ফেলেছিলেন, যা নিয়ে শুরু হয় জোর চর্চা। রাবণের বিরুদ্ধে রামের জয়, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা—দশেরার এই চিরাচরিত বার্তা তুলে ধরতে গিয়েই শব্দের ভুল প্রয়োগ করে বসেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে তাঁর বক্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শুরু হয় ট্রোলিং।
আসন্ন ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর। তাই তাঁর মুখে এমন ভুল কথা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অবশেষে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাইলেন অভিনেতা। চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল ইভেন্টে দাঁড়িয়েই নিজের ভুল স্বীকার করেন তিনি।
২০ অক্টোবর, মঙ্গলবার, কলকাতায় দশেরার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। সেখানে ‘রামায়ণ’ ছবির প্রচারের পাশাপাশি উৎসবের তাৎপর্য নিয়েও কথা বলেন অভিনেতা। তাঁর বক্তব্য ছিল, অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভ শক্তিরই। কিন্তু সেই বার্তা দিতে গিয়েই ঘটে বিপত্তি।
রণবীর বলেন, 'বুরাই চাহে কিতনি ভি তাগতওয়ার কিউঁ না হো, আখির মে অন্ত সচ্চাই অউর আচ্ছাই কি হি হোগি।' অর্থাৎ, তাঁর বক্তব্যের আক্ষরিক অর্থ দাঁড়ায়, যত শক্তিশালীই হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভর অবসান হবে।
চেন্নাইয়ে ‘রামায়ণ’-এর মিউজিক্যাল ইভেন্ট এবং সম্পূর্ণ অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। সেখানেই আগের দিনের ঘটনা নিয়ে মুখ খোলেন রণবীর। স্পষ্ট জানান, তাঁর কথায় ভুল হয়েছিল এবং তিনি আসলে কী বলতে চেয়েছিলেন।
অভিনেতার কথায়, 'গতকাল দশেরার অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনার জন্য আমি ক্ষমা চাইতে চাই। কথা বলতে গিয়ে আমার মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছিল। আমি আসলে বলতে চেয়েছিলাম, ‘বুরাই চাহে কিতনি ভি তাগতওয়ার কিউঁ না হো, আখির মে জিত সচ্চাই অউর আচ্ছাই কি হোগি।’
অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত জয় হবে সত্য ও শুভের—এই কথাটিই বলতে চেয়েছিলেন তিনি। নিজের ভুলের কথা স্বীকার করে রণবীর বোঝাতে চান, তাঁর বক্তব্যের উদ্দেশ্য কখনওই দশেরার মূল ভাবনাকে উল্টে দেওয়া ছিল না। বরং, অসাবধানতাবশত ভুল শব্দ ব্যবহার করে ফেলেছিলেন তিনি।
