শরীয়তপুরের ভেদরগঞ্জে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটেছেন পত্রিকাটির প্রকাশক ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১৬ অক্টোবর) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আটেরপাড়া কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ‘দৈনিক কালবেলার পক্ষ থেকে দেশবাসী, পাঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে দেশের গণমাধ্যমগুলোর মধ্যে কালবেলা সবার থেকে এগিয়ে রয়েছে। আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে একটি আধুনিক ও গর্বিত দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কালবেলা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুদৃঢ় করা, দেশের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দৈনিক কালবেলা আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ সিহান, ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহীন আহমেদ, গোসাইরহাট উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ঢালী, ডামুড্যা উপজেলা প্রতিনিধি আবু আলম, মোহনা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মাহবুব আলম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দেশ টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।
এছাড়া উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার ও আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
