নিজস্ব প্রতিবেদক : “অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (অমিত্রাক্ষর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান প্রকৌশলী আসলাম শেখ বিএসটিআইয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। সর্বস্তরে মানসম্মত পণ্য নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, সব ব্যবসায়ীকে মানহীন পণ্য উৎপাদনে নিরুৎসাহিত করেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, প্রেসক্লাব যশোর ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
এ সময় তারা বলেন, দেশে উৎপাদিত ও বিদেশ থেকে আমদানি করা ভেজাল পণ্য ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। একই সাথে পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।
তিনি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে অধিক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জাতীয় মান প্রণয়নের ওপর গুরুত্ব দেন। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে সোলার হোম সিস্টেম, রুফটপ সোলার প্ল্যান্ট ও বৃহৎ সোলার পার্ক স্থাপনের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শহরের গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন উর্মি রহমান।

