নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
ওসি মোশাররফ জানান, বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করতে সিসি ফুটেজ ও প্রযুক্তি সহযোগিতায় গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরা প্রায় ৪৫ থেকে ৫০ জন দুর্বৃত্ত প্রবেশ করে। মাত্র ১৮ মিনিটের তাণ্ডবে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা।

