কালবেলা · সাধারণ
‘অতিরিক্ত কথার’ জন্য দুঃখপ্রকাশ করলেন তাশরীফ
২৫/১০/২০২৬

গাজীপুরের টঙ্গীর মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকসহ কয়েকজনকে মারধরের ঘটনায় উত্তেজিত হয়ে লাইভে এসে অতিরিক্ত কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। তার কোনো বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ দুঃখ প্রকাশ করেন জুবায়ের আহমাদ তাশরীফ। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা কষ্ট পেয়েছেন আন্তরিক দুঃখ প্রকাশ করছি’।
কালবেলার পাঠকদের জন্য হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের ভিডিও বার্তাটি হুবহু তুলে ধরা হলো-
আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার করা হয়ে গেছে সে কথাগুলোর জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দেশবাসী, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ।
একটি বিষয় স্পষ্ট করার জন্য এসেছি এবং কিছু কথা বলবো একেবারে সংক্ষিপ্ত।
প্রথম কথা হচ্ছে যে, টঙ্গীর যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি। সেখানে দারোয়ানসহ আরও অনেককেই মারধর করা হয়েছে এবং মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। সে বিষয়গুলো আমরা যখন প্রাথমিকভাবে দেখেছি এটা আমরা সহ্য করতে পারিনি। বিশেষ করে আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারিনি।
তখন আমি লাইভে এসেছি এবং অনেকগুলো কথাই বলেছি। আমি এ কথা বারবার বলেছি যে, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনের উপর আমরা কিছু করব না ইনশাআল্লাহ। দেশে আইন আছে। এখন আইনের মাধ্যমে এ কাজগুলো হচ্ছে।
হোক, যে দোষী সে তার দোষ যদি বের হয়ে আসে তাহলে তাকে শাস্তি অবশ্যই আইনের মাধ্যমে দেওয়া হবে। তবে একজন দোষ করলে সেখানে একটা প্রতিষ্ঠান ভাঙচুর অথবা আরও কয়েকজনকে মারধর এটার পক্ষে আমি ছিলাম না এবং সেখান থেকে আমি উত্তেজিত হয়ে অনেকগুলো কথা বলেছি।
আমি যতগুলো কথা বলেছি ওয়াল্লাহি- আমি আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম দেশ, আলেম ওলামা, মাদ্রাসা মসজিদ, ইসলাম সম্মান নিয়ে আমি এ কথাগুলো বলেছি। আমি আমার স্বার্থে কোন কথা বলিনি। তো যাই হোক, গত দুইদিন ধরে অনেকেই অনেক রকম পোস্ট করেছেন। অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন।
আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার করা হয়ে গেছে সে কথাগুলোর জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে সবসময় মনে রাখবেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং দেশ ও ইসলামের জন্য কাজ করতে চাই।
মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই পর্যন্ত মানুষের কল্যাণে আমি অনেক কাজ করেছি। সামনেও করতে চাই ইনশাআল্লাহ। যদি আমার কোন বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি আবারো এবং যারা দেশ জনগণ ও ইসলামের পক্ষে আছেন ছিলেন থাকবেন সকলের সাথে থাকব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মূল প্রতিবেদনে যান ↗