রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন (৫০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল আলম রতন হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি আগে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। চাকরি ছেড়ে বর্তমানে বেকার ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রতন বাড়ি থেকে বাইরে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হামলার পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, ‘স্থানীয় পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’
