শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরি শুধু নির্ধারিত সময়ের দায়িত্ব পালন নয়; বরং জনগণের প্রতি গভীর দায়বদ্ধতা ও আন্তরিকতাই একজন কর্মকর্তার প্রকৃত পরিচয়। সীমাবদ্ধতার অজুহাত না দেখিয়ে আধুনিক, গতিশীল ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাম্প্রতিক দুর্গাপূজার সফল ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করে ডিসি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। এ ছাড়া জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির সুফলের কথাও তুলে ধরেন তিনি।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে আনোয়ারা থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরাসরি অংশ নিয়ে আনোয়ারা থানা পুকুর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালনা করেন।
এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সরকারি দপ্তরগুলোর জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
The post চট্টগ্রামে সরকারি কর্মকর্তাদের জনগণের আস্থা অর্জনের আহ্বান ডিসির appeared first on ভোরের চেতনা.
