
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে নুরু আলমের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই এলাকার মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে নুরু আলম ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
