ছোট পর্দার জনপ্রিয় এবং ব্যস্ত অভিনেতা খায়রুল বাসার। সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি নাটকের পর্দায় বিভিন্ন সহশিল্পীর সঙ্গে তার রসায়ন বরাবরই প্রশংসিত হয়েছে। তবে পর্দার এই রোমান্স ও রসায়ন প্রায়ই বাস্তব জীবনের গুঞ্জন হিসেবে ছড়িয়ে পড়ে শোবিজ পাড়ায়। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের প্রেমের গুঞ্জন, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।
সঞ্চালকের সরাসরি প্রশ্নের মুখে পড়ে তানজিন তিশার সঙ্গে কথিত প্রেম ও ব্রেকআপের বিষয়টি নিয়ে কথা বলেন খায়রুল বাসার। তানজিন তিশার সঙ্গে ব্রেকআপের কারণ জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ওর সঙ্গে আমার কবে প্রেম ছিল? প্রেম থাকলে তো ব্রেকআপ হবে! তার সঙ্গে আমার আগেও কথা হতো, এখনো কথা হয়।” তিশার ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, তিনি একটু পাগলাটে স্বভাবের ও রাগী হলেও মানুষ হিসেবে অত্যন্ত ভালো।
নাটকের ব্যস্ততার সুবাদে প্রায়ই সহশিল্পীদের সঙ্গে নাম জড়িয়ে গুঞ্জন তৈরি হওয়া প্রসঙ্গে খায়রুল বাসার বেশ রসাত্মকভাবেই জবাব দেন। তিনি বলেন, “আমি সারা দিন নায়িকাদের সঙ্গে কাজ করি। তাহলে নায়িকাদের সঙ্গে গুঞ্জন হবে না তো কার সঙ্গে হবে! আমাকে তো আর কারো সঙ্গে দেখা যাচ্ছে না।” সাদিয়া আয়মান কিংবা সাদনিমা বিনতে নোমানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব খবরের কোনো সত্যতা নেই। বিশেষ করে সাদনিমা সম্পর্কে তিনি বলেন, সে তার একজন চমৎকার ও স্পষ্টবাদী সহশিল্পী। তবে এই ধরনের গুঞ্জনগুলোকে তিনি বেশ উপভোগই করেন।
ক্যারিয়ারের এই সময়ে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে তরুণ এই অভিনেতা জানান, আপাতত বিয়ের কথা তার মাথায় নেই। পারিবারিক কিছু দায়িত্ব ও নিজের অনেক কাজ বাকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই করতে পারছি না। বিয়ে নিয়ে এখন পর্যন্ত আমার একদমই কোনো ভাবনা নাই। আগে এগুলো শেষ করব, তারপর হয়তো অবকাশে বিয়ের ব্যাপারটি নিয়ে ভাবা যেতে পারে।”
সংশ্লিষ্ট সংবাদ: খায়রুল বাসার
১১ আগস্ট ২০২৬
০৮ জুন ২০২৬
১৭ জানুয়ারি ২০২৪
