ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর তীরে এমএম ব্রিকস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্পিডবোটের পাখায় ময়লা আটকে যাওয়ার পর তা পরিষ্কার করে চালু করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীর তীরে রাখা ইটের স্তূপের ওপর উঠে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবকেরা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
স্পিডবোটচালক মো. আশরাফুল ইসলাম ও আনসার সদস্য রেজাউল আলমকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিআলো/শিলি