দেশের সবচেয়ে বড় কুকিং রিয়্যালিটি শো এবং রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই ‘সেরা রাঁধুনী’ তার গৌরবময় দুই দশকের সাফল্য পেরিয়ে এবার শুরু করতে যাচ্ছে নবম আসর। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড ‘রাঁধুনী’-র এই নিয়মিত আয়োজনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জীবনবদলের রেসিপি’। বরাবরের মতোই এই রিয়্যালিটি শো প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ সাইফুল ইসলাম এই যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আসরে বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মোঃ পারভেজ সাইফুল ইসলাম রান্নার মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে জীবনবদলের যে স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনী দুই দশক আগে যাত্রা শুরু করেছিল, সিজন ৯-এ তা আরও বড় পরিসরে রূপ পাবে বলে আশা প্রকাশ করেন। এরপর মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষে ২০ বছরের অর্জন এবং সম্প্রচারের প্রস্তুতির কথা তুলে ধরেন অজয় কুমার কুন্ডু। ইমতিয়াজ ফিরোজ তাঁর বক্তব্যে গত দুই দশকে সেরা রাঁধুনীর হাত ধরে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের সফলতার গল্পগুলো উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে নতুন লোগো ও প্রমোশনাল কনটেন্ট উন্মোচনের পর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শুভ সূচনা ঘোষণা করা হয়।
পুরস্কারের পরিমাণ:
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাঁধুনী পুরস্কার হিসেবে জিতে নেবেন ১৫ লাখ টাকা। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা।
অংশগ্রহণের নিয়মাবলি:
- যোগ্যতা: ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন। তবে ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা ‘সিজন ৯’-এ আবেদন করতে পারবেন না।
- প্রয়োজনীয় তথ্য: নিজস্ব রান্নার রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং ব্যক্তিগত তথ্য (নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট নম্বর)।
- অনলাইন রেজিস্ট্রেশন: www.sheraradhuni.com ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে।
- এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নামএবং পাঠিয়ে দিতে হবে৮৮০৯৬১২৬১৫৫৫৫নম্বরে।
- শেষ সময় রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।
দেশজুড়ে বিভাগীয় অডিশন এবং ঢাকার গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে খাবারের স্বাদের পাশাপাশি পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্ব গুণাবলি বিচার করা হবে।
পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে রয়েছে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত আছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। যেকোনো তথ্যের প্রয়োজনে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ০৮০০০১১১৩৩৩ নম্বরে ডায়াল করা যাবে অথবা অফিসিয়াল ফেসবুক পেইজে ([www.facebook.com/SheraRadhuni](https://www.facebook.com/SheraRadhuni)) যোগাযোগ করা যাবে।
