পশ্চিম তীরের হেবরনে ভবন ভাঙা ও ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ শুরু করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সামরিক চৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই সেনা নিহত হওয়ার পর এ কাজ শুরু করে দখলদার তেল আবিব।
হামলার পর হেবরনে পূর্ণ অবরোধের ঘোষণা দেয় ইসরাইলি সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার থেকে পশ্চিম তীর পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেন। তবে পরবর্তীতে আগের অবস্থান থেকে কিছুটা সরে হেবরন ও হালহুল শহর ঘিরে অবরোধের কথা বলেন।
বিজ্ঞাপন
শুক্রবার হেবরনের ফারশ আল-হাওয়া এলাকায় ভবন ভাঙা শুরু হয়। সিএনএনের পাওয়া একটি ভিডিওতে এক ইসরাইলি সেনাকে আবাসিক ভবনের বাসিন্দাদের পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিতে দেখা যায়।
ইসরাইলি মানবাধিকার সংগঠন বি’তসেলেম ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার নিন্দা জানিয়েছে। সংগঠনটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, উত্তর পশ্চিম তীরের শরণার্থীশিবিরগুলোতে উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে ইসরাইল।
আগামী নির্বাচনের মাত্র চার দিন আগে এই হামলা নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের যে ভাবমূর্তি তিনি তুলে ধরতে চান, এ ঘটনা তার জন্য নতুন পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে।
সূত্র: সিএনএন
আরএ
