কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ রানী মুখার্জি ওরফে দেবী রানী (৪৯) নামে তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দেবী রানী উপজেলার ৮ নম্বর খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানা-পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
