ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের মেহরস্থান শহরে নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তদের গুলিতে আফসানেহ আকিলা (৩৭) নামের এক নারী বাসিজ কমান্ডার নিহত হয়েছেন। চার সন্তানের জননী ওই নারী স্বেচ্ছাসেবক প্যারামিলিশিয়া বাহিনীর একটি ইউনিটের নেতৃত্ব দিতেন।
শুক্রবার (১৬ অক্টোবর) ‘দ্য উইকের’ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (১৪ অক্টোবর) মেহরস্থান শহরের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনার পর খোঁজ নিতে প্রধান কার্যালয় থেকে হাসপাতালে গিয়েছিলেন আফসানেহ। পরে সেখান থেকে সন্তানদের স্কুল থেকে আনতে নিজের বাড়ির সামনে পৌঁছালে চার সশস্ত্র দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত ১৫ বছরেরও বেশি সময় ধরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ স্বেচ্ছাসেবক বাহিনী ‘বাসিজের’ সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আইআরজিসি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ হাত রয়েছে। ভাড়াটে সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে উল্লেখ করে আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, এই জঘন্য কাজের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও অপরাধীদের অত্যন্ত কঠোর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
স্থানীয় ফার্সি গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া দেশজুড়ে আন্দোলন ও অস্থিরতার সময় বেশ কয়েকজন ইরানি নারীকে আটকের ঘটনায় ভূমিকা রেখেছিলেন আফসানেহ আকিলা। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
