ক্ষমতায় যারা আছে, তারা আবারও দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।
আজ শনিবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম মা’ছুম বলেন, ‘দেশের অবস্থা খুব ভালো না। জুলাই আন্দোলনে আপনারা শ্রমিক-জনতা-ছাত্র মেহনতি মানুষ যেভাবে রাজপথে এসে ১৫ বছরের জঘন্যতম স্বৈরাচারকে আপনারা বিদায় করেছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন ভবিষ্যতে মনে হচ্ছে যে, যারা ক্ষমতায় আছে তারা আবারও এ ধরনের একটি ফ্যাসিবাদের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আবারও প্রয়োজনে আমাদেরকে রাজপথে নামতে হবে। আবারও আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের শক্তিকে মজবুত করার দিকে নেতৃবৃন্দকে নজর দিতে হবে। যাতে করে আগামী দিনে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যে লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি, সেই লক্ষ্যে যেন বাংলাদেশকে গড়ে তুলতে পারি।’
জামায়াত নেতা বলেন, ‘আজকের প্রযুক্তি আমাদের সন্তানাদিদেরকে নষ্ট করে দিচ্ছে। অশ্লীলতা, বেহায়াপনা যেভাবে ডিভাইসগুলোর মধ্য দিয়ে ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলোর মধ্য দিয়ে ছড়ানো হচ্ছে। এখন আর ছেলেরা সিনেমা হলে যায় না। কারণ প্রত্যেকের পকেটে একটা সিনেমা আছে। এই জায়গায় যদি আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখতে না পারি, তাহলে এটার কারণেও আমাদের সন্তানরা চরিত্রহীন হয়ে যাবে। সেদিকে আমাদেরকে নজর দিতে হবে।’
লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মমিনুল হক, সংগঠনটির লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন, সদর উপজেলা সভাপতি আমির হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওসার আহমেদ প্রমুখ।
