ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আইএসইউ স্পোর্টস ক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি। বুধবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা ও ক্লাবের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আইএসইউ স্পোর্টস ক্লাবের মডারেটর মোহাম্মদ আবু নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, একটি ক্লাব শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি তাঁদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবের কার্যক্রম সফল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আইএসইউ স্পোর্টস ক্লাবকে একটি কার্যকর ও প্রাণবন্ত সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক বলেন, একটি সংগঠনের সাফল্য নির্ভর করে এর সদস্যদের দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় ও নিয়মতান্ত্রিক কার্যক্রমের ওপর। ক্লাবের প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির কার্যক্রমের সফলতা কামনা করেন।
আইএসইউ স্পোর্টস ক্লাবের মডারেটর মোহাম্মদ আবু নাজিম বলেন, শিক্ষার্থীদের উদ্যোগ, আগ্রহ ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি ক্লাবের কার্যক্রম গতিশীল হয়ে ওঠে। আইএসইউ স্পোর্টস ক্লাবকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে নিয়মিত কার্যক্রম গ্রহণ এবং সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি ক্লাবের সব সদস্যকে দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ মুন্না (আবিদ)। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সালমান হাসান অন্তর। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লাবিব খান ও আরাফাত হোসেন।
কমিটির অন্যান্য পদে ছয়জন যুগ্ম সম্পাদক, দুজন কোষাধ্যক্ষ এবং চারজন জনসংযোগ সম্পাদক রয়েছেন। এ ছাড়া অফিস সম্পাদক, ইভেন্ট সম্পাদক, ক্রিকেট সম্পাদক, ফুটবল সম্পাদক, ইনডোর গেমস সম্পাদক ও ই-স্পোর্টস সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে ছয়জন নির্বাহী সদস্যও রয়েছেন।
ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবু নাজিম।
নতুন কমিটিতে স্থান পাওয়া সদস্যরা জানান,শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, দলগত চেতনা ও নেতৃত্বের বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ে সুস্থ ক্রীড়া-সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে আইএসইউ স্পোর্টস ক্লাব। শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিআলো/অর্নব