রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
বুধবার (১৪ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থাপিত তথ্যে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আগামী নভেম্বরের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করা হচ্ছে।
প্রকল্পটির নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে বৈঠকে জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৃতীয় প্রজন্মের একটি সর্বাধুনিক ও নিরাপদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মতেও প্রকল্পটি সঠিক পথেই রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুফল জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কাজ চলছে। একই সঙ্গে দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
