উলিপুরে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার!
কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তার নাতি তাকে হত্যা করে পালিয়ে গেছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্দিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। গত মঙ্গলবার রাতে কোনো একসময় তিনি এই হত্যাকাণ্ডের শিকার হন।
পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, "এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের আসল রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।"
