কমলগঞ্জ উপজেলার শমশেরনগর লামাবাজার সোনাপুর সড়কে একই ফ্ল্যাটে দু’টি বাসার দরজা ভেঙ্গে চুরি করার সময় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাসার ভাড়াটিয়া মনির মিয়া ও আসিদ উল্ল্যার পরিবারসহ অন্যত্র চলে যাওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় খালি বাসা দু’টিতে দরজার লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর। এসময় জনতা বাসার ভেতর থেকে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, বাসার পার্শ্ববর্তী লোকজন গ্রীলের তালা ভাঙ্গা দেখে সন্দেহ হলে দ্রুত বাসায় প্রবেশ করেন। বাসা দু’টির বাসিন্দা মনির মিয়া ও আসিদ উল্ল্যা পরিবার সদস্যদের নিয়ে দরজায় তালা দিয়ে প্রয়োজনীয় কাজে অন্যত্র চলে যান। এই সুযোগে চোরের দল ওই বাসা দু’টির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ করে।
এসময়ে আশপাশ এলাকার লোকজন বিষয়টি বুঝতে পেরে বাসায় প্রবেশ করে সৈয়দ জাহাঙ্গীর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন। তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। এসময় অন্য চোর পালিয়ে গেলেও বাথরুমে গিয়ে আত্মরক্ষার সময় জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর কুলাউড়া উপজেলার জয়চন্ডীপুর ইউনিয়নের গিয়াসনগর গ্রামের সৈয়দ মশাহিদ আলীর ছেলে।
বাসার গৃহিনী জোৎস্না বেগম বলেন, আমরা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। এই সময়ে চোর আমাদের বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কাপড় চোপড় সহ সকল মালামাল এলোমেলো করে রাখে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে আটক জাহাঙ্গীরকে আমাদের আওতায় নিয়ে আসি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
