শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ একটি ঘর থেকে আশিক নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামে ফজলুল হকের ভাড়া দেওয়া দোতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশিক ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আবদুল কাদিরের ছেলে। তিনি স্থানীয়ভাবে টাইলসের কাজ করতেন এবং স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া ঘরে থাকতেন।
বাড়ির মালিক ফজলুল হক বলেন, পূজার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। কয়েক দিন ধরে ঘরটি তালাবদ্ধ ছিল। তিনি ধারণা করেছিলেন, ভাড়াটিয়ারা পূজার ছুটিতে বাড়িতে গেছেন।
ফজলুল হক বলেন, আজ সকাল থেকে বাড়িজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুর্গন্ধ বাড়লে উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে উঁকি দেন। তখন আশিকের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আবদুল কাদির বলেন, আশিক বিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে। কয়েক দিন আগে আশিকের স্ত্রী ঝগড়া করে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে ছেলের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল। আজ তিনি ছেলের মৃত্যুর খবর পেয়েছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক উবায়দুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা জানতে পুলিশ কাজ করছে।

