খুলনা জেলার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে নৌকায় তুলে একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নদী পার হয়ে দীঘলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর বেলেঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত কয়েকজন ব্যক্তি তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন।
কিন্তু গন্তব্যে পৌঁছে না দিয়ে দুর্বৃত্তরা তাঁকে নদীর কিছু দূরে অবস্থিত মধুপুর শ্যামনগর পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং সেখানে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। পরবর্তীতে তাঁর সুচিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তেরখাদার মধুপুর এলাকার সামিউল শেখ (২৮), মাজাহারুল কাজী (২২) ও শাজাহান শরীফ (৩৮)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
