দাকোপ প্রতিনিধি।।
খুলনার দাকোপে পুলিশের পৃথক অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ৯ নম্বর তিলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি প্রণব কবিরাজ (৩৫) ও বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি এলাকার খোরশেদ শেখ (৩৭)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার পুলিশ জানতে পারে, মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি উপজেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানিয়ে পুলিশের একটি দল সরকারি পিকআপ নিয়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তার প্রণব কবিরাজ উপজেলার বটবুনিয়া গ্রামের পংকজ কবিরাজের ছেলে। তিনি ৯ নম্বর তিলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে দাকোপ থানার ২০২৪ সালের ২৬ নভেম্বরের এফআইআর নম্বর ৫-এর মামলায় ওয়ারেন্ট রয়েছে।
অপর গ্রেপ্তার খোরশেদ শেখ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের চুনকুড়ি গ্রামের মৃত জিন্নাহ শেখের ছেলে। তার বিরুদ্ধে দাকোপ থানার ২০২৬ সালের ২৩ অক্টোবরের এফআইআর নম্বর ৮-এর মামলায় ওয়ারেন্ট রয়েছে।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।
