আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি। ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টাই প্রাণ কাড়ল যুবকের। ফ্ল্যাটের ব্যালকনি থেকে নীচে ঝাঁপ দিতেই সব শেষ! যুবকের মর্মান্তিক পরিণতিতে এলাকায় তুমুল শোরগোল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সি ওই যুবক আবাসনের ২২ তলা থেকে ঝাঁপ দেন। মাটিতে ঠাস করে পড়তেই ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি হয়েছে তাঁর।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে। স্ত্রীর সঙ্গে ঝামেলা, অশান্তি এড়িয়ে যাওয়ার জন্যেই আবাসনে ২২ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন ওই যুবক। ২০২৪ সালে হর্ষিত লাভানিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্ত্রীর সঙ্গে নিত্যদিন ঝামেলার কারণে গত ছ'মাস ধরেই তিনি আলাদা থাকতেন।
ওই আবাসনে হর্ষিত ভাড়া ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন আচমকাই তাঁর স্ত্রী সেখানে এসেছিলেন। ফ্ল্যাটের দরজা ধাক্কাতেই আঁতকে উঠেছিলেন হর্ষিত। তিনি চাননি, স্ত্রী ঘরের ভিতরে আসুক। স্ত্রীর সঙ্গে আবারও ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ করেই ছিলেন তিনি। এদিকে বারবার কথা বলার কাকুতি মিনতি করছিলেন তাঁর স্ত্রী। এমনকী সিকিউরিটি গার্ডকে ডেকে দরজা খোলার কথাও বলেছিলেন তিনি। এরপরই চরম পদক্ষেপ করেন হর্ষিত।
সেই সময় ফ্ল্যাটের ব্যালকনি থেকে নীচে নামার চেষ্টা করছিলেন যুবক। আচমকাই তাঁর পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে ব্যালকনি থেকে নীচে পড়ে যান। মাটিতে পড়তেই গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
যুবকের পরিবারের তরফে জানানো হয়, দাম্পত্য কলহের জেরেই দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন হর্ষিত। যদিও থানায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
