কালবেলা · সাধারণ
মহেশপুর সীমান্তে মানবপাচারকারী দালালসহ ৪ নারী আটক
২০/১০/২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় এক মানবপাচারকারী দালালসহ ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার থেকে আনুমানিক ১ কিমি বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামে নায়েবে সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল দল অভিযান চালায়।
এ সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় মাঠের মধ্যে অবস্থানকালে আল আমিন খান (২৩) নামে এক দালালসহ ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক দালাল মহেশপুর উপজেলার শ্যামকুর ইউপির শ্রীনাথপুর গ্রামের রবিউল খার ছেলে। পরে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর মানবপাচারকারী দালালকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।
মূল প্রতিবেদনে যান ↗