মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শামীমা তাবাসসুম লুবনা ও রনি সিকদারকে আটক করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলার পর মূল রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশের একাধিক গোয়েন্দা দল। শাকের হোসেন মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটককৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক শামীমা তাবাসসুম লুবনা মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। অন্যদিকে, আটক রনি শিকদার মাগুরা পৌরসভার তাঁতিপাড়া এলাকার বীরেন্দ্রনাথ শিকদারের ছেলে। রনি যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
এর আগে বুধবার রাত পৌনে ১২টার দিকে নিহতের স্ত্রী শারমিন নাহার রুমা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মামলার বিষয়ে জানতে চাইলে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, আটককৃতদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবিলম্বে শাকেরের খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলের স্থানীয় শীর্ষ নেতারা।

