বলিউড অভিনেতা অজয় দেবগনের মুম্বাইয়ের জুহুর বাংলো ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেতার বাংলোর একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ পুরসভার। ১৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুহুর কাপোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুটের বাংলোটিতে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বিভিন্ন ধরনের পরিবর্তনের কাজ চলছিল বলে দাবি করেছে পুরসভা। এসব কাজের মধ্যে ছিল ঘরের অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেয়াল তৈরি এবং জানালার কাঠামোয় রদবদল।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৩৫৪এ ধারায় নোটিস জারি করে অবিলম্বে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছিল। তবে নোটিসের পরও কাজ চলতে থাকায় শুক্রবার অভিযান চালিয়ে নির্মিত অংশ ভেঙে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই বাংলোয় একটি সালোঁ ও স্পা তৈরির কাজ চলছিল বলেও জানা গেছে। সম্পত্তিটি বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমোদন নিয়ে মূলত আপত্তি ওঠে। স্থানীয় আবাসন সমিতির আশঙ্কা, সেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালু হলে মানুষের যাতায়াত বাড়বে। এতে পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণের সমস্যা তৈরি হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় কর্পোরেটর সুধা সিংহের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত বাণিজ্যিক ব্যবহারের প্রয়োজনীয় নথি জমা না পড়ায় কাজ বন্ধের নোটিস দেওয়া হয়েছিল। জবাব দেওয়ার জন্য দেবগন পরিবার চার সপ্তাহ সময় চেয়েছিল বলেও জানা গেছে।
তবে অজয় দেবগনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি ছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ও অনুমোদন যথাযথভাবে নেওয়া হয়েছে।
এখন বাংলোর নির্মাণকাজ ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে ওঠা প্রশ্নের মধ্যেই পুরসভার এই পদক্ষেপ নতুন করে আলোচনায় এসেছে।
