চট্টগ্রাম নগরীতে পার্কিং ব্যবস্থাপনা ও সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে সতর্ক করার পরও সংশোধন না করায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠান দুটি হল আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখা। এছাড়া অনিয়মের দায়ে আল হিদায়া’র ভবন মালিককে আলাদাভাবে জরিমানা গুনতে হচ্ছে।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এ জরিমানা করেন।
সিডিএ জানায়, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট বৈঠকে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। প্রয়োজনীয় সংশোধনের জন্য সময়ও বেঁধে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় জরিমানা করা হয়েছে।
আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ টাকা।
আল হিদায়াহর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার এক সপ্তাহ আগে স্কুল বাস কেনার বিষয়ে সিডিএর সঙ্গে একমত হয়েছিল প্রতিষ্ঠানটি। গত ৮ অক্টোবর সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঙ্গে এক বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) প্রতিনিধিরা শিক্ষার্থীদের যাতায়াতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে স্কুল বাস কেনার বিষয়ে সম্মতি জানান। একই সঙ্গে শ্রেণিভেদে ছুটির সময় আলাদা করার সিদ্ধান্তও হয়।
এ অভিযানে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে কর্তৃপক্ষকে সতর্ক করেছে সিডিএ। প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
সিডিএ জানায়, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার মেহেদিবাগ এলাকায় পার্কিং ব্যবস্থাপনায় অনিয়মের কারণে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবন মালিককে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা করে সিডিএ। একই অভিযানে খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে জরিমানা করা হয় দুই লাখ টাকা।
The post সতর্কতায় কাজ হয়নি, ৫০ লাখ টাকা জরিমানার মুখে আল হিদায়াহ ও উৎসব appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
