আজকাল ওয়েবডেস্ক: কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককোরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব নির্ধারিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা রাজধানী দিল্লিতে। সকালে পদযাত্রা শুরু হওয়ার আগেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তার দিল্লির বাসস্থানেই আটক করে পুলিশ। বিকেলে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি, নির্বাচনে অনিয়ম এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। এই আন্দোলনের অংশ হিসেবেই শুক্রবার বিকেল ৫টায় সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উড়িয়ে ‘লেহরা দো তেরঙ্গা’ বিক্ষোভের ডাক দিয়েছিলেন দলের প্রধান অভিজিৎ দীপকে। কিন্তু সকালেই তাঁকে তাঁর দিল্লির অস্থায়ী বাসভবন থেকেই আটক করে পুলিশ। পাশাপাশি, তাঁকে দু'টি নোটিস ধরায় দিল্লি পুলিশ। তবে কনট প্লেস ও পার্শ্ববর্তী এলাকাতেও নিষেধাজ্ঞা এড়িয়ে ভিড় জমতে শুরু করে প্রতিবাদীদের। পদযাত্রার জন্য শুক্রবার দিল্লির মান্ডি হাউস এলাকা থেকেই তাঁকে আটক করা হয়।
উল্লেখ্য, সিজেপির প্রস্তাবিত মিছিলকে কেন্দ্র করে কনট প্লেসকে জোরদার করে দিল্লি পুলিশ। প্রশাসনের তরফে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা অনুযায়ী আরোপ করা হয় বিধিনিষেধ। ওই এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানায় পুলিশ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ১৬ ও ১৭ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পুরসভা (এনডিএমসি)।
