স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে বিপুল পরিমাণ ভারতীয় টমেটোসহ রেজিস্ট্রেশনবিহীন একটি মিনি পিকআপ জব্দ করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এয়ারপোর্ট থানাধিন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট চালিয়ে পিকাপটি জব্দ ও দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার বালেশ্বর খাগড়ী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মো. শায়েখ (২০) এবং জৈন্তাপুর উপজেলার কালিপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হেলাল (৪৫)।
এসএমপি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে এয়ারপোর্ট থানার পাটানগাঁও এলাকায় চেকপোস্ট চলাকালে পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে মিনি পিকআপসহ দুজনকে আটক করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়। জব্দকৃত টমেটোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে আটককৃততের আদালতে সোপর্দ করা হয়েছে।
